শিশুটির মাথা স্বাভাবিকের চেয়ে অনেক বড়। এর ভারে নুয়ে পড়ে সে। তাই একা হাঁটতেও পারে না। আছে মাথাব্যথা ও জ্বালাপোড়া। যন্ত্রণায় বেশির ভাগ সময় ছটফট করে সে। মাথা অস্বাভাবিক বড় হওয়ার এ রোগের নাম হাইড্রোসেফালাস।শিশুটির বয়স মাত্র পাঁচ, নাম আরিফুল ইসলাম। সে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ ছাট গোপালপুর এলাকার দিনমজুর মো. মমিন আলী ও গৃহিণী আয়শা বেগম দম্পতির ছেলে।মস্তিষ্কের পুষ্টি সরবরাহ ও বর্জ্য পদার্থ নিষ্কাশনের কাজটি করে থাকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ নামের একধরনের তরল। কোনো কারণে যদি এই তরল মস্তিষ্ক থেকে ঠিকমতো বের না হতে পারে, তবে তা মাথার ভেতর জমে হাইড্রোসেফালাস রোগের সৃষ্টি হয়।.আরিফুলের মাথায় দুই থেকে তিন দফায় অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২১ দিন ভর্তি থাকার পর ২৯ আগস্ট প্রথম দফায় তার অস্ত্রোপচার হয়েছে। হাসপাতালে আরিফুলের সঙ্গে মা-বাবার পাশাপাশি আছেন তার ফুফাতো ভাই মো. জহুরুল ইসলাম। তিনি বলেন, চিকিৎসক জানিয়েছেন, ১৪ দিন পর দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করতে হবে। ধারদেনা করে এবং স্বজন, প্রতিবেশী ও পরিচিত মানুষদের আর্থিক সহযোগিতায় প্রথম দফার অস্ত্রোপচারের টাকা জোগাড় করা হয়েছে। তাঁদের হাতে আর টাকা নেই।.এমন পরিস্থিতিতে ছেলের চিকিৎসার জন্য দেশের মানুষের কাছে সহায়তা চেয়েছেন মমিন আলী ও আয়শা বেগম। সাহায্য পাঠানো যাবে (বিকাশ, নগদ ও রকেট) 01727838401 নম্বরে। ব্যাংক হিসাবের নাম: Md Jahurul Islam, হিসাব নম্বর: 5203501022038 , সোনালী ব্যাংক পিএলসি, ভূরুঙ্গামারী শাখা, কুড়িগ্রাম।
Source: https://www.prothomalo.com/bangladesh/bte6rqubp8
মন্তব্য করুন