বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ গুরুতর অসুস্থ। দীর্ঘদিন ধরে কিডনির জটিল রোগে ভুগছেন তিনি। বর্তমানে ঢাকার ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন দেশের এই বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব।জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত হারুনুর রশীদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঁচবারের সাধারণ সম্পাদক ছিলেন। দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন আবাহনীর সাধারণ সম্পাদক ও পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটি ও ফিফার মিডিয়া কমিটির সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন এএফসির গোল্ডেন অ্যাওয়ার্ড।.বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সাবেক সহসভাপতি হারুনুর রশীদ বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সেরা সংগঠকের পুরস্কারও অর্জন করেছেন।দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই বর্ষীয়ান সংগঠকের অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর শুভানুধ্যায়ীরা। তাঁরা হারুনুর রশীদের দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।দোয়া প্রার্থনাকারীদের মধ্যে রয়েছেন শেখ আশরাফ আলী, খোরশেদ আলম বাবুল, আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, আবদুল গাফফার, কাজী আনোয়ার, ইমতিয়াজ সুলতান জনি, শেখ মোহাম্মদ আসলাম, সত্যজিৎ দাস রুপু, সম্রাট হোসেন এমিলি, শেখ মাসুদ ইকবাল মামুন, আলমগীর হোসেন, জাকির হোসেন, গোলাম গাউস, ইকবাল হোসেন, শহীদ হোসেন স্বপন, নজরুল ইসলাম, প্রাণতোষ, সাজ্জাদুল আলম ববি, জালাল ইউনুস, গাজী আশরাফ হোসেন লিপু, জি এস হাসান তামিম ও ফারুক আহমেদ।
Source: https://www.prothomalo.com/sports/other-sports/1yjen9ftoh
মন্তব্য করুন