পাঁচ লাখ টাকার বাম্পার পুরস্কারের প্রলোভন, সপ্তাহে দুই দিন হাজারো মানুষের সমাগম
নিজস্ব প্রতিবেদক | সংবাদ বিডি ২৪
রাজধানীর উত্তরা বাংলাদেশ ক্লাব। অভিজাত ক্লাবের আড়ালে কয়েক মাস ধরে সপ্তাহে দুই দিন বসছে হাউজি-জুয়ার আসর—এমন অভিযোগ উঠেছে। মঙ্গলবার ও শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া এ আয়োজনে পাঁচ লাখ টাকার বাম্পার পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। প্রতিটি সিটের মূল্য কয়েক হাজার টাকা। বড় অঙ্কের পুরস্কারের আশায় হাজারো মানুষের অংশগ্রহণের অভিযোগ থাকলেও আর্থিকভাবে লাভবান হচ্ছেন অল্প কয়েকজন, ক্ষতির মুখে পড়ছেন অধিকাংশ। প্রশ্ন উঠেছে, কারা পরিচালনা করছেন এই আয়োজন, কীভাবে চলছে এতদিন এবং এর নেপথ্যে রয়েছে কারও প্রভাব বা পৃষ্ঠপোষকতা?
সপ্তাহে দুই দিন আয়োজন, বাম্পার পুরস্কার পাঁচ লাখ টাকা ?
অভিযোগ অনুযায়ী, প্রতি মঙ্গলবার ও শুক্রবার দুপুর থেকেই উত্তরা বাংলাদেশ ক্লাবে শুরু হয় হাউজি খেলার আয়োজন। এর অন্যতম আকর্ষণ বাম্পার রাউন্ড। এ রাউন্ডে বিজয়ীর জন্য পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের আকৃষ্ট করতে রাখা হয় বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার।
স্থানীয় সূত্রের দাবি, এসব পুরস্কারের আশায় প্রতিটি আয়োজনে কয়েক হাজার মানুষ অংশ নেন। প্রতিটি সিটের মূল্য কয়েক হাজার টাকা হওয়ায় আয়োজন ঘিরে বড় অঙ্কের অর্থ লেনদেনের সম্ভাবনা তৈরি হয়েছে।
পুরস্কারের আশায় অংশগ্রহণ, আর্থিক ক্ষতির মুখে অধিকাংশ ?
অভিযোগ রয়েছে, হাউজি খেলায় অল্প কয়েকজন বড় অঙ্কের পুরস্কার পেলেও অংশগ্রহণকারীদের বড় অংশই আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। কয়েক হাজার টাকা ব্যয় করে পুরস্কার জয়ের আশায় খেলায় অংশ নিলেও অধিকাংশের ক্ষেত্রে ব্যয় করা অর্থ ফিরে আসে না।
এ ধরনের আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে জুয়ায় আসক্তি ও আর্থিক অনিশ্চয়তা তৈরি হচ্ছে কি না, তা নিয়েও উদ্বেগ রয়েছে। বিশেষ করে নিয়মিত বিরতিতে একই স্থানে এমন আয়োজন চলার অভিযোগ ওঠায় এর বৈধতা, ব্যবস্থাপনা এবং আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
পুলিশের বক্তব্য: জানালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে
বিষয়টি সম্পর্কে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি জানান, হাউজি খেলা চলার সময় পুলিশকে জানানো হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত বক্তব্য জানতে ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ না করায় তাঁর কাছ থেকে আর কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
হাউজি জুয়ার নেপথ্যে কারা, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি কোথায় ?
কয়েক মাস ধরে নিয়মিত হাউজি আয়োজন চলার অভিযোগের পরিপ্রেক্ষিতে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। ক্লাবটিতে এ ধরনের আয়োজনের অনুমোদন রয়েছে কি না, কারা এর ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন, প্রতিটি সিট বিক্রির অর্থ কোথায় যাচ্ছে এবং ঘোষিত পুরস্কার যথাযথভাবে বিতরণ করা হচ্ছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা প্রয়োজন।
একই সঙ্গে কোনো প্রভাবশালী মহলের পৃষ্ঠপোষকতা বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়েও নিরপেক্ষ তদন্ত জরুরি। ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য, আয়োজনের অনুমোদনসংক্রান্ত তথ্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর প্রকৃত সত্য উদ্ঘাটন হওয়া প্রয়োজন।
এবিষয়ে হাউজি জুয়া খেলার পরিচালক মোঃ বিল্লাল হোসেনের মুঠো ফোনে একাধিকবার অবগত করা হলেও তার মতামত নেওয়া সম্ভব হয়নি।
আপনার চারপাশে ঘটে যাওয়া যে কোন তথ্য আমাদের জানান
ই-মেইল: info@sangbadbd24.com
মুঠোফোন : 01955625353
মন্তব্য করুন