প্রথম আয়োজনের সাফল্যের পর আবারও ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে ফিরছে ওয়াও মার্কেট। নারী উদ্যোক্তা, কারুশিল্পী ও সৃজনশীল নারীদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসার এই উদ্যোগে থাকছে উদ্যোক্তা, সৃজনশীলতা, সংযোগ ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়।
, নারী উদ্যোক্তা, কারুশিল্পী ও সৃজনশীল নারীদের নিয়ে আবারও আয়োজন করা হচ্ছে ‘ওয়াও (W.O.W– Women of Worth and Wonder) মার্কেট’। প্রথম আয়োজনের সাফল্যের পর আগামী ১৯ সেপ্টেম্বর ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে বসছে এই আয়োজন। নারীর সৃজনশীলতা, উদ্যোগ ও সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে আয়োজিত এবারের মেলায় থাকছে কেনাকাটা, পরিচিতি তৈরি, ব্যবসায়িক যোগাযোগ এবং সামাজিক কল্যাণের সমন্বয়।
ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের ২৫তম তলার বলরুমে ১৯ সেপ্টেম্বর, শনিবার সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে এই মেলা। এবারের আয়োজনে থাকছে ৩০টি স্টল, যেখানে প্রায় ৪০ জন নারী উদ্যোক্তা নিজেদের পণ্য ও সৃজনশীল কাজ তুলে ধরবেন। মেলায় পাওয়া যাবে হাতে বোনা ও হাতে তৈরি পোশাক, পাট ও নারকেলের ছোবড়া দিয়ে তৈরি নানা পণ্য, ঘরে তৈরি খাবার, হস্তশিল্পসহ বিভিন্ন ধরনের সৃজনশীল সামগ্রী। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে ডিমার্ট, বক্স অব অর্নামেন্টস, অরাম বাংলাদেশ, বেনে বৌসহ আরও অনেকে।
, গত বছর প্রথম আয়োজনে ছয় শর বেশি দর্শনার্থী অংশ নিয়েছিলেন। পাশাপাশি ৫০ জনের বেশি নারী তাদের পণ্য ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পান। এর মাধ্যমে উদ্যোক্তারা নতুন ক্রেতার সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি ব্যবসায়িক যোগাযোগ তৈরির সুযোগও পেয়েছেন। এবারের আয়োজনেও নারী উদ্যোক্তারা সরাসরি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ, নিজেদের পণ্যের গল্প তুলে ধরা এবং নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরির সুযোগ পাবেন।
, এবারের আয়োজনের বিশেষ সংযোজন হিসেবে থাকছে চ্যারিটি কম্পোনেন্ট যা সামাজিক দায়বদ্ধতার উদ্যোগ। প্রতিটি অংশগ্রহণকারী উদ্যোক্তা তাদের স্টলের জন্য তিন হাজার টাকা করে দিচ্ছেন। এই অর্থের পুরোটা সরাসরি অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগ মজার স্কুলে দেওয়া হবে। তবে উদ্যোক্তাদের স্টল থেকে হওয়া বিক্রয়ের সম্পূর্ণ অর্থ থাকবে সংশ্লিষ্ট উদ্যোক্তার কাছেই। নারীর ক্ষমতায়ন, অন্তর্ভুক্তি ও সামাজিক প্রভাবকে গুরুত্ব দিয়ে এবারের আয়োজনে অংশ নিচ্ছে অ্যাকশনএইড এবং অ্যাসিড সারভাইভার্স ফাউন্ডেশন। আয়োজনটি আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের ‘গিভিং ফর গুড মান্থ’ কর্মসূচির অংশ হিসেবেও অনুষ্ঠিত হচ্ছে। নারী উদ্যোক্তাদের জন্য একটি কার্যকর মঞ্চ তৈরির পাশাপাশি সামাজিক কল্যাণে অবদান রাখাই এর অন্যতম লক্ষ্য।
, ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের মহাব্যবস্থাপক কার্থি ভিকে বলেন, “ওয়াও মার্কেটের মূল বিশ্বাস হলো, নারীদের সঠিক মঞ্চ দেওয়া হলে তারা তাদের সৃজনশীলতা ও দক্ষতাকে অর্থবহ সুযোগে রূপ দিতে পারেন। প্রথম আয়োজনের উৎসাহব্যঞ্জক সাড়া পাওয়ার পর আমরা আরও শক্তিশালী উদ্দেশ্য নিয়ে এই আয়োজন ফিরিয়ে আনতে পেরে আনন্দিত। এ বছর সামাজিক দায়বদ্ধতার উদ্যোগের মাধ্যমে মজার স্কুলে অবদান রাখার পাশাপাশি নারী উদ্যোক্তাদের সহযোগিতা করতে পারছি। আমরা এমন একটি মঞ্চ তৈরি করতে চাই, যেখানে নারীদের উদযাপন করা হবে, তাদের ব্যবসাকে সমর্থন করা হবে এবং একই সঙ্গে সমাজের জন্য কিছু করা হবে।” আয়োজকদের প্রত্যাশা, এবারের মেলায় আরও বেশি দর্শনার্থী অংশ নেবেন। নারী উদ্যোক্তা, পরিবার, পেশাজীবী, ক্রেতা এবং বৃহত্তর সমাজের মানুষের অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন হয়ে উঠবে উদ্যোক্তা ও ক্রেতাদের মিলনমেলা।
, শুধু কেনাবেচার আয়োজন নয়, ওয়াও মার্কেট নারীদের নিজেদের কাজ ও পণ্য তুলে ধরার, নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার এবং নিজেদের উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার একটি সুযোগ তৈরি করতে চায়। একই সঙ্গে সচেতনভাবে কেনাকাটার মাধ্যমে নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হচ্ছে দর্শনার্থীদের। নারী, সৃজনশীলতা ও উদ্দেশ্যকে একসূত্রে মিলিয়ে দেওয়ার ভাবনাকে সামনে রেখে আয়োজিত এবারের মেলা নারীর উদ্যোগ ও সৃজনশীলতা উদযাপনের পাশাপাশি মানুষ, উদ্দেশ্য ও সমৃদ্ধির প্রতি ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের দায়বদ্ধতাও তুলে ধরে।
ছবি: আয়োজক
Source: https://www.haal.fashion/arrangement/haal-khobor/u4rdu4s425
মন্তব্য করুন