ফুটবল মাঠে ফেরার আনন্দটা কেমন, তা যাঁরা দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থেকেছেন, তাঁরাই ভালো জানেন। অনুশীলন, পুনর্বাসন, একাকী পরিশ্রম। দিনের পর দিন অপেক্ষা। তারপর আবার সেই চেনা সবুজ মাঠ। ইন্টার মিলানের অধিনায়ক লাওতারো মার্তিনেজের জন্যও অপেক্ষাটা কম দীর্ঘ ছিল না। ৪৬ দিন পর শুরুর একাদশে ফিরেই গোল করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। তাঁর ফেরার ম্যাচে জেনোয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার। .সান সিরোর এই রাতে লাওতারোর প্রত্যাবর্তনটা ছিল দারুণ। ১০ অক্টোবর ঊরুর চোটে পড়েছিলেন তিনি। সেই চোট তাঁকে ছিটকে দিয়েছিল ছয় সপ্তাহের বেশি সময়ের জন্য। গত সপ্তাহে বদলি হিসেবে অল্প সময় মাঠে নামলেও শনিবারই প্রথম শুরুর একাদশে জায়গা পান। আর সুযোগ পেয়েই গোল। ইন্টার অধিনায়ক বুঝিয়ে দিয়েছেন, এত দিন মাঠের বাইরে থাকলেও গোল করার ধারটুকু হারাননি।.ম্যাচ শেষে নিজের চোটের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন লাওতারো। স্কাই স্পোর্ট ইতালিয়াকে তিনি বলেন, ‘আমার খুব গুরুতর চোট হয়েছিল। তবে কঠোর পরিশ্রম সব সময়ই ফল দেয়। এই ফেরার জন্য আমি ৪৬ দিন অপেক্ষা করেছি। কখনো কখনো দিনে দুবার অনুশীলন করেছি। তবে সবচেয়ে ভালোভাবে ফিরতে পেরেছি, যাতে দলকে সাহায্য করতে পারি।’.রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও.লাওতারোর গোলের পর যেন খুলে যায় ইন্টারের গোলের দরজা। মার্কাস থুরাম করেন জোড়া গোল। পেনাল্টি থেকে আরেকটি গোল যোগ করেন পেতার সুচিচ। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয়। আগের ম্যাচে আতালান্তার সঙ্গে ৪-৪ গোলে ড্র করে দুই গোলের লিড হারিয়েছিল ইন্টার। সেই হতাশার পর জেনোয়ার বিপক্ষে এই জয়টা বেশ দরকার ছিল ইন্টারের।আতালান্তার বিপক্ষে পয়েন্ট হারানোর পর ইন্টারকে নিয়ে সমালোচনাও কম হয়নি। দুই গোলের লিড ধরে রাখতে না পারায় দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল। অধিনায়ক হিসেবে সেই সমালোচনা মেনে নেওয়ার কথাই বলেছেন লাওতারো। তাঁর মতে, সমালোচকদের দোষ দেওয়ার আগে নিজেদের ভুলের দায় নিতে হবে। লাওতারো বলেন, ‘সমালোচনা মেনে নিতে হবে। কারণ, এই পরিস্থিতিতে আমরাই নিজেদের ফেলেছি। ইন্টারকে তার আসল জায়গায় ফিরিয়ে নিতে হবে আমাদের। নিজেদের সেরাটা দিয়ে যেতে হবে, ম্যাচ জেতার চেষ্টা করতে হবে। কখনো না জিতলে হয়তো আমরা ভুল করেছি, অথবা ওই রাতে প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে। যে কারণই হোক, এ নিয়ে কাজ করে যেতে হবে।’.ইন্টারের বর্তমান দলকে নিয়ে আরেকটি প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছে অধিনায়ককে। গত সাত-আট বছরের মধ্যে এটাই কি ইন্টারের সবচেয়ে শক্তিশালী দল? লাওতারো অবশ্য এমন তুলনায় যেতে চান না। তাঁর কাছে দলের সামর্থ্যের প্রমাণ দিতে হবে মাঠেই। শুধু সংবাদমাধ্যমে আলোচনা কিংবা ড্রেসিংরুমের কথাবার্তায় নয়। লাওতারোর কথায়, ‘আমি এ ধরনের বিতর্ক পছন্দ করি না। কারণ, প্রতিদিন মাঠে নিজেদের শক্তির প্রমাণ দিতে হয়। সেটা শুরু হয় অনুশীলন থেকে। এরপর ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে হয়।’এরপর যোগ করেন, ‘আমার সতীর্থরা মাঝেমধ্যে বলে, আমরাও শক্তিশালী দল। কিন্তু আমি সব সময় তাদের বলি, শুধু কথায় নয়, আমাদের সেটা প্রমাণ করতে হবে।’.বিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদো
Source: https://www.prothomalo.com/sports/football/2ialh21ofv
মন্তব্য করুন