রাত তখন তিনটা। রাজধানীর পোস্তগোলায় যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন ব্যাটারিচালিত অটোরিকশার দুই চালক জাহাঙ্গীর পোদ্দার (৪০) ও জাকির হোসেন (৫০)।এ সময় বেপরোয়া গতির একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান। দাঁড়িয়ে থাকা দুটি অটোরিকশাকে চাপা দিয়ে ট্রাকটি ফুটপাতের ওপর উঠে যায়। এতে গুরুতর আহত হন দুই অটোরিকশাচালকসহ তিনজন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহাঙ্গীর ও জাকির। আহত অপর ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এসব তথ্য প্রথম আলোকে জানান কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন।.এসআই জামাল হোসেন বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।নিহত জাহাঙ্গীরের সহকর্মী হৃদয় বলেন, ট্রাকচাপায় আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভোর ৪টা ২৫ মিনিটে জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। কিছু সময় পর জাকিরও মারা যান। আহত অপর ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।.হৃদয় বলেন, জাহাঙ্গীর ও জাকির যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এমন সময় ট্রাকটি তাঁদের চাপা দেয়।জাকিরের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায়। বাবার নাম জিন্নাত আলী। রাজধানীর কদমতলীর মোহাম্মদবাগের পাকার মাথায় থাকতেন জাকির।.জাহাঙ্গীরের বাড়ি পটুয়াখালী সদর উপজেলায়। বাবার নাম শাহআলম পোদ্দার। জাহাঙ্গীর থাকতেন রাজধানীর নামা শ্যামপুর এলাকায়।ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Source: https://www.prothomalo.com/bangladesh/capital/4dwrz7mtf4
মন্তব্য করুন