৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১। কিছুদিন আগে লিখেছিলাম, এবারের কপের বড় তাৎপর্য একটি কাকতালীয় সময়: যে মাসে সম্মেলন, সেই মাসেই বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের কথা ছিল। সেই হিসাব এখন বদলে গেছে। ২৯ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশকে তিন বছরের বাড়তি প্রস্তুতিকাল দিয়েছে। উত্তরণ এখন হবে ২০২৯ সালের ২৪ নভেম্বর, নেপালও একই সুবিধা পেয়েছে। অর্থাৎ বাংলাদেশ আন্তালিয়ার টেবিলে বসছে এলডিসি পরিচয়েই, আর এই পরিচয়ে হাতে আছে গোনা কয়েকটি কপ। ফলে প্রশ্নও বদলেছে। ‘উত্তরণের পর কী হারাব’ নয়, প্রশ্ন হলো এই তিন বছরে কী নিশ্চিত করা যায়। আমার উত্তর এক বাক্যে: এবার বাংলাদেশের লক্ষ্য বড় অঙ্কের নতুন প্রতিশ্রুতি নয়, বরং নিয়ম লেখার এই সময়ে ঝুঁকিভিত্তিক বরাদ্দ, অভিযোজনের অর্থ আর বিনিয়োগযোগ্য প্রকল্পে নিজের জায়গা পাকা করা।.কপ ৩১: জলবায়ু প্রতিশ্রুতির আরেকটি স্তর, নাকি বাস্তবায়নের নতুন অধ্যায়.কপ থেকে কী আসে, কী আসে নাকপ কোনো দাতা সম্মেলন নয়। সেখান থেকে কোনো দেশ চেক হাতে ফেরে না; আসে সিদ্ধান্ত, নিয়ম আর মাপকাঠি, যার ভিত্তিতে পরের বছরগুলোতে টাকা চলাচল করে। এবারের কপ চলছে দুই টেবিলে: আনুষ্ঠানিক দর-কষাকষি, যার নেতৃত্বে অস্ট্রেলিয়া এবং যেখানে নিয়ম লেখা হয়; আর আয়োজক তুরস্কের নিজস্ব কর্মসূচি, যেখানে প্রকল্প ও অংশীদারত্বের আলোচনা।গত বছরের বেলেম সম্মেলন দেখিয়েছে প্রতিশ্রুতির ফাঁক কোথায়। অভিযোজন অর্থায়ন তিন গুণ করার ঘোষণা এলেও খসড়ার ২০৩০ সাল চূড়ান্ত পাঠে হয়ে যায় ২০৩৫, ভিত্তিবছর স্পষ্ট হয়নি, টাকাটা কে দেবে তা–ও না। অথচ জাতিসংঘ পরিবেশ কর্মসূচির হিসাবে উন্নয়নশীল দেশগুলোর অভিযোজনে ২০৩৫ সাল নাগাদ বছরে ৩১০ থেকে ৩৬৫ বিলিয়ন ডলার লাগবে, যেখানে ২০২৩ সালে আন্তর্জাতিক সরকারি অভিযোজন অর্থায়ন ছিল মাত্র ২৬ বিলিয়ন ডলার।জুনে বনের প্রস্তুতিমূলক আলোচনাতেও অর্থায়ন ও অভিযোজনে দৃশ্যমান অগ্রগতি হয়নি। তাই বাস্তব প্রত্যাশা হলো, আন্তালিয়ায় নতুন বড় অঙ্ক আসবে না; লড়াই হবে খুঁটিনাটিতে, আর বাংলাদেশের আসল খেলাও সেখানেই।.তিন বছরের জানালাউত্তরণ পেছানোর আলোচিত লাভ বাণিজ্যে: শুল্কমুক্ত বাজারসুবিধা থাকছে ২০২৯ সাল পর্যন্ত। জলবায়ু অর্থায়নেও এর গুরুত্ব কম নয়, যদিও সে কথা প্রায় শোনা যায় না।লস অ্যান্ড ড্যামেজ তহবিল দিয়ে শুরু করি। তহবিলের সূচনাপর্বের অন্তত অর্ধেক অর্থ এলডিসি ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর জন্য সংরক্ষিত, প্রতিটি উদ্যোগ পেতে পারে ৫০ লাখ থেকে ২ কোটি ডলার। চাহিদা দেখে বোর্ড জুলাইয়ে বরাদ্দ ২৫ কোটি থেকে বাড়িয়ে ৩৪ কোটি ২০ লাখ ডলার করেছে। কিন্তু জমা পড়েছে ১১৯টি দেশের ১৭৬টি প্রস্তাব, মোট চাওয়া ২৮০ কোটি ডলার; বর্তমান অর্থে বড়জোর ২২টি প্রস্তাব টাকা পেতে পারে।এই প্রতিযোগিতায় আমাদের প্রস্তুতি নিয়ে প্রশ্ন আছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জুনের শেষে তহবিলের সারিতে বাংলাদেশের প্রস্তাব ছিল একটি, এফএওর মাধ্যমে ২ কোটি ডলারের; পাকিস্তানের প্রস্তাব তিনটি। নেপাল দুর্যোগের পর আবেদন করে অক্টোবরে ২ কোটি ১৬ লাখ ডলারের সাময়িক বরাদ্দ পেয়েছে। অথচ সরকার নিজেই বলছে, জলবায়ুজনিত ক্ষতি বছরে প্রায় ১৫ দশমিক ২ বিলিয়ন ডলার, আর আন্তালিয়ায় তহবিল বাড়ানোর দাবি তুলবে। দাবির পাশাপাশি প্রস্তাব তৈরির সক্ষমতাও দেখাতে হবে।.জিসিএফ অভিযোজন বরাদ্দের অন্তত অর্ধেক এলডিসিসহ অতি ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য রাখার লক্ষ্য নেয়; উত্তরণের পরও জিসিএফের দরজা খোলা থাকবে, তবে অগ্রাধিকারের স্বয়ংক্রিয় জায়গাটা যাবে। বৈশ্বিক পরিবেশ সুবিধার এলডিসি ফান্ডের নিয়ম আরও স্পষ্ট: উত্তরণের আগে অনুমোদিত প্রকল্প শেষ পর্যন্ত চলে, কিন্তু উত্তরণের পর নতুন প্রকল্প নেওয়া হয় না। অর্থাৎ ২০২৯ সালের নভেম্বরের আগে যত প্রকল্প অনুমোদন করানো যাবে, এলডিসি পরিচয়ের সুবিধা তত দিন টিকবে।তাই কৌশল হওয়া উচিত দুই স্তরের। এক, এলডিসি গ্রুপের ভেতরে থেকে এখনকার সুবিধা পুরোপুরি কাজে লাগানো। দুই, নিয়ম লেখার এই সময়েই দাবি তোলা যে বরাদ্দের মাপকাঠি হোক ঝুঁকি, আয় নয়; মাথাপিছু আয় বাড়লেও বছরে ১৫ বিলিয়ন ডলারের বেশি জলবায়ু ক্ষতি কমে না। তিন বছর পর দরজার বাইরে দাঁড়িয়ে এই দাবি তোলার চেয়ে এখন ভেতরে বসে তোলা অনেক সহজ।.উত্তরণের বছরে কপ ৩১: বাংলাদেশ কী চাইবে, কী দেখাবে?.টেবিলে চোখ রাখার তিন জায়গাআন্তালিয়ার শতাধিক আলোচ্য বিষয়ের সবগুলোতে সমান নজর দেওয়ার দরকার নেই। নিয়ম লেখার টেবিলে বাংলাদেশের জন্য তিনটি দর-কষাকষিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।প্রথমটি অভিযোজন। বেলেমে বৈশ্বিক অভিযোজন লক্ষ্য (জিজিএ) মাপার জন্য ৫৯টি সূচক গৃহীত হয়েছে, ২০২৭ সালে আদ্দিস আবাবার কপ৩২-এর আগে সেগুলো ঘষামাজার কাজ চলছে। তবে চূড়ান্ত পাঠেই বলা আছে, সূচকগুলো স্বেচ্ছামূলক এবং নতুন কোনো আর্থিক দায় তৈরি করে না। বিপদ এখানেই: সূচক যদি শুধু অগ্রগতি মাপে, বাংলাদেশ নিজের খরচে অভিযোজন করবে আর বিশ্ব তা গুনে খাতায় তুলবে। আমাদের দাবি হওয়া উচিত, ঘষামাজার সময় আন্তর্জাতিক অর্থপ্রবাহ মাপার সূচক জোরালো হোক, আর তিন গুণ অভিযোজন অর্থায়নের ভিত্তিবছর স্পষ্ট হোক।.দ্বিতীয়টি অর্থায়ন। উন্নয়নশীল দেশগুলোর চাপে এবার আলোচ্যসূচিতে জলবায়ু অর্থায়নের একটি কর্মসূচি উঠেছে, যার উদ্দেশ্য প্যারিস চুক্তির ৯.১ অনুচ্ছেদ অনুযায়ী উন্নত দেশগুলোর সরকারি অর্থের দায় সামনে আনা; কেউ কেউ দায় ভাগাভাগির সূত্রও প্রস্তাব করছে। অথচ এর মধ্যেই যুক্তরাজ্যসহ বড় দাতারা সহায়তা কাটছে। ২৪ অক্টোবর প্রকাশিত দেশের ৩৩টি সংগঠনের অবস্থানপত্র বলছে, ২০২৬ থেকে ২০৩৫ সালের এনডিসি ৩ দশমিক শূন্য বাস্তবায়নে লাগবে প্রায় ১১৬ বিলিয়ন ডলার, যার ৯০ বিলিয়নের বেশি আন্তর্জাতিক সহায়তা। এই অর্থ ঋণ হয়ে এলে আমরা জলবায়ু ঝুঁকি থেকে ঋণঝুঁকিতে গিয়ে পড়ব। তাই ৯.১ অনুচ্ছেদের লড়াই আমাদের ঋণ-টেকসইতারও লড়াই।তৃতীয়টি ন্যায্য রূপান্তর। বেলেমে যে ব্যবস্থার সিদ্ধান্ত হয়েছিল, জুনে বনে তার মূল কাঠামো ঠিক হলেও পরিধি আর অর্থায়নের সংযোগ নিয়ে মতভেদ রয়ে গেছে; আন্তালিয়ায় এটি চালু করা অন্যতম প্রত্যাশিত ফল। বাংলাদেশের প্রশ্ন পরিষ্কার: ক্রেতাদের কার্বন শর্ত আর কারখানার জ্বালানি রূপান্তরের চাপে থাকা তৈরি পোশাক খাতের লাখো নারী শ্রমিক কি এর আওতায় আসবেন, নাকি ব্যবস্থাটি কয়লাখনির শ্রমিকেই সীমিত থাকবে?.প্রধানমন্ত্রীর দুই দিন১১ ও ১২ নভেম্বরের বিশ্বনেতাদের সম্মেলনে থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, তিনি অনুদানভিত্তিক অর্থায়ন ও বড় নিঃসরণকারী দেশগুলোর জবাবদিহির দাবি তুলবেন, আর তুলে ধরবেন গত ছয় মাসের খাল খনন, বৃক্ষরোপণ ও সৌরবিদ্যুতের উদ্যোগ।দাবির পাশাপাশি নিজের কাজ দেখানোর কৌশলটি ঠিক। একটি ঘোষণা এই মঞ্চকে আরও কাজে লাগাতে পারে: নেট জিরোর লক্ষ্যবর্ষ। ভারত ২০৭০, ইন্দোনেশিয়া ২০৬০, আয়োজক তুরস্ক ২০৫৩ আর নেপাল ২০৪৫ সালের লক্ষ্য ঘোষণা করেছে; বাংলাদেশের এখনো কোনো লক্ষ্যবর্ষ নেই। ভারতের প্রধানমন্ত্রী তাঁর লক্ষ্য ঘোষণা করেছিলেন কপের নেতাদের মঞ্চেই। বাংলাদেশ বলতে পারে, আন্তর্জাতিক অর্থায়ন পেলে ২০৬০, নিজের সামর্থ্যে ২০৭০। দীর্ঘমেয়াদি নিম্ন-নিঃসরণ কৌশল তৈরির কাজ শুরু হয়েছে; সেই কৌশলের সঙ্গে বাঁধা থাকলে ঘোষণাটি ফাঁকা বুলি হবে না, বরং রপ্তানিমুখী শিল্প আর বিনিয়োগকারীর কাছে দেশের পরিচয় হয়ে উঠবে।আন্তর্জাতিক বিনিয়োগকারীর কাছে এমন ঘোষণার মূল্য বাড়ে তখনই, যখন তার সঙ্গে প্রকল্প তালিকা, সময়সূচি আর নীতির স্থায়িত্বের নিশ্চয়তা থাকে। এই খাতে কাজের অভিজ্ঞতা থেকে বলি, বাংলাদেশে সৌরবিদ্যুতের সম্ভাবনা সূর্যালোকের চেয়ে বেশি নির্ভর করে নীতি সহায়তা আর অর্থায়নের কাঠামোর ওপর। কারখানার ছাদে তৃতীয় পক্ষের বিনিয়োগে সৌর বসানোর মডেলে বিনিয়োগকারী জানতে চান, দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ক্রয়চুক্তি কতটা সুরক্ষিত, বিদেশি মুদ্রার ঋণের বিনিময় ঝুঁকি কে বহন করবে, আর দেশীয় ব্যাংকঋণের উচ্চ সুদের বিকল্প কী। রেয়াতি জলবায়ু অর্থায়নের আসল কাজ এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া। মধ্যপ্রাচ্যের সংকটে আমদানি করা জ্বালানির খরচ যখন বাজেটকে চাপে ফেলছে, তখন সৌরবিদ্যুৎ শুধু জলবায়ুর নয়, জ্বালানি নিরাপত্তারও গল্প।.২০২৯ সালে আমরা এলডিসি পরিচয় হারাব, কিন্তু জলবায়ু ঝুঁকি হারাব না। তাই আন্তালিয়ার আসল প্রশ্ন অর্থের অঙ্ক নয়; প্রশ্ন হলো, বাংলাদেশ এই তিন বছরকে দরজার ওপাশে দাঁড়িয়ে অপেক্ষার সময় হিসেবে নেবে, নাকি আগামী দশকের নিয়ম নিজের পক্ষে লেখার সময় হিসেবে।.টেবিলের বাইরের কপআয়োজক তুরস্কের কর্মসূচির কেন্দ্রে আছে ২০৩৫ সালের মধ্যে চূড়ান্ত জ্বালানি চাহিদায় বিদ্যুতের অংশ ২০ শতাংশের কিছু বেশি থেকে ৩৫ শতাংশে তোলার লক্ষ্য। ছাদের সৌর, সৌরচালিত সেচপাম্প আর বৈদ্যুতিক যানবাহন—তিনটিই এর সঙ্গে খাপ খায়। সঙ্গে আছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সঙ্গে মিলে তৈরি ‘ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন ব্রিজ’, যার কাজ দেশগুলোর জলবায়ু পরিকল্পনাকে বিনিয়োগযোগ্য প্রকল্পে রূপ দিয়ে অর্থদাতার সঙ্গে জুড়ে দেওয়া।এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বাস্তব সুযোগ, কারণ আমাদের সমস্যা কখনো শুধু টাকার অভাব ছিল না, ছিল প্রস্তুত প্রকল্পের অভাব। জাতীয় অভিযোজন পরিকল্পনার ১১৩টি উদ্যোগে প্রায় ২৩০ বিলিয়ন ডলার লাগবে বলে হিসাব আছে। কিন্তু অর্থদাতার দরজায় শুধু তালিকা নিয়ে গেলে হয় না; লাগে সম্ভাব্যতা যাচাই, আয় ও ঝুঁকি বণ্টনের কাঠামো, জমি ও গ্রিড সংযোগের ছাড়পত্র, পরিবেশ ও সামাজিক সুরক্ষা, আর টাকা ফেরতের পরিষ্কার পথ। জলবায়ু অর্থায়নের জগতে ভালো প্রকল্প অনেক সময় টাকার চেয়েও দুর্লভ।.উদ্বেগের কথা, সেপ্টেম্বরে ঘোষিত ব্রিজের প্রথম পাঁচ পাইলট দেশ ইথিওপিয়া, ফিজি, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও উজবেকিস্তান; বাংলাদেশ নেই। আয়োজকেরা বলছেন, পাইলটের অভিজ্ঞতা দেখে উদ্যোগটি অন্য দেশে বাড়ানো হবে। আন্তালিয়াতেই পরের দফায় জায়গা পাওয়ার আলোচনা শুরু করা উচিত, আর সেখানে জিসিএফের স্বীকৃত দুই দেশীয় প্রতিষ্ঠান পিকেএসএফ ও ইডকলকে সামনে রাখা যায়, যাতে অর্থ সরাসরি দেশে নামানোর পথও তৈরি থাকে।দ্বিপক্ষীয় প্রাপ্তির জায়গাও আছে। গত মে মাসে তুরস্কের সঙ্গে পরিবেশ ও জলবায়ু সহযোগিতায় একটি সমঝোতা স্মারক কপ৩১-এ সইয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল। সই হলে সাফল্যের মাপকাঠি একটাই: পরের এক বছরে কয়টি যৌথ প্রকল্প মাঠে নামল।.ফিরে এসে কী মাপব২০ নভেম্বর সম্মেলন শেষ হলে সাফল্য মাপতে হবে ঘোষণার সংখ্যায় নয়, চারটি প্রশ্নে। লস অ্যান্ড ড্যামেজ তহবিলের দীর্ঘমেয়াদি বরাদ্দে ঝুঁকিভিত্তিক মাপকাঠি কি জায়গা পেল? অভিযোজনে আন্তর্জাতিক অর্থপ্রবাহ মাপার পথ তৈরি হলো কি, আর তিন গুণ অর্থায়নের ভিত্তিবছর স্পষ্ট হলো কি? ন্যায্য রূপান্তর ব্যবস্থা কি চালু হলো, এবং তাতে পোশাকশ্রমিকের জায়গা আছে কি? আর ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন ব্রিজের পরের দফায় বাংলাদেশ কি ঢুকতে পারল?এবার আমি নিজেও আন্তালিয়ায় থাকব। এই চার প্রশ্ন আমার নিজের জন্যও চেকলিস্ট। সঙ্গে খুঁজব, শিল্পকারখানার ছাদে সৌরবিদ্যুতের জন্য কোন অর্থদাতা কোন শর্তে আগ্রহী, আর অভিযোজনের কোন প্রকল্প আন্তর্জাতিক অর্থায়নের যোগ্য হয়ে উঠতে পারে। ফিরে এসে সেই হিসাব পাঠকের সামনে রাখব আশা করি।২০২৯ সালে আমরা এলডিসি পরিচয় হারাব, কিন্তু জলবায়ু ঝুঁকি হারাব না। তাই আন্তালিয়ার আসল প্রশ্ন অর্থের অঙ্ক নয়; প্রশ্ন হলো, বাংলাদেশ এই তিন বছরকে দরজার ওপাশে দাঁড়িয়ে অপেক্ষার সময় হিসেবে নেবে, নাকি আগামী দশকের নিয়ম নিজের পক্ষে লেখার সময় হিসেবে।সুবাইল বিন আলম প্রকৌশল অর্থনীতিবিদ এবং টেকসই উন্নয়নবিষয়ক লেখকইমেইল: contact@subail.com
Source: https://www.prothomalo.com/opinion/column/4yxqwzrn7o
মন্তব্য করুন