১৭ নভেম্বর ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দৃশ্যশিল্পে শব্দের শরীর

কোনো শব্দ আতঙ্কের, মৃত্যুভয়ের, কোনো শব্দ আশার, কোনোটি বেঁচে থাকার প্রত্যয়ের—এভাবে সময়, পরিবেশ ও অবস্থাভেদে কিছু শব্দ ভিন্ন ভিন্ন রূপ নিয়ে আমাদের কাছে হাজির হয়। যেমন মহামারি করোনাকালে জ্বর, হাসপাতাল, বেড, ভিটামিন সি, নেগেটিভ, পজিটিভ, যুদ্ধ, চার দেয়াল, মনোবল, জীবনসংগ্রাম ইত্যাদি শব্দ আমাদের জীবনের অর্থ ও বাস্তবতাকে নতুনভাবে বুঝতে শিখিয়েছে। শুধু তা-ই নয়, করোনাকালে হঠাৎ করেই শব্দগুলো যেন তাদের চেনা অর্থের সীমানা ছাড়িয়ে নতুন এক তাৎপর্য নিয়ে হাজির হয়েছে। অর্থাৎ মানুষের ব্যক্তিগত জীবন ও সামাজিক বাস্তবতায় শব্দগুলো তৈরি করেছিল এক অভূতপূর্ব মনস্তাত্ত্বিক অভিঘাত। শিল্পী সুমনা আক্তার করোনাকালে বন্দী ঘরে বসে তাঁর নকশিকাঁথায় এসব শব্দকে সুই-সুতার বুননে দৃশ্যমান করেছেন। ফলে শব্দ আর নিছক ভাষিক চিহ্ন থাকেনি, হয়ে উঠেছে বিশেষ এক সময়ের স্মৃতি, অনুভূতি ও জীবনসংগ্রামের দৃশ্যমান শরীর।

রাজধানীর কলাকেন্দ্রে আয়োজিত সুমনা আক্তারের দৃশ্যশিল্প প্রদর্শনী ‘অবিন্যস্ত সংলাপেরা’ কিউরেটর কৌর চিমুকের বিন্যাসে শব্দ, শরীর, স্মৃতি ও সামাজিক বাস্তবতার বহুমাত্রিক সম্পর্ক অনুসন্ধান করে। প্রদর্শনীর অন্য একটি পরিসরে শিল্পী তুলে ধরেছেন নারীর প্রতি ব্যবহৃত সমাজে প্রচলিত নানা অবমাননাকর শব্দ—বেপর্দা, খানকি, কালমুখী, কালসাপিনী, পোড়ামুখী, আটকুন্নি, নষ্টা, বেশ্যা, মাগি ইত্যাদি। এসব শব্দের মধ্য দিয়ে নারীর শরীর, পোশাক ও চলাফেরাকে নিয়ন্ত্রণের পুরুষতান্ত্রিক প্রবণতা প্রকাশিত হয়েছে।

এখানে ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং অপমান ও সামাজিক নিয়ন্ত্রণের অস্ত্র। যে সেলাই ও নকশিকাঁথাকে দীর্ঘদিন নারীর গৃহস্থালি শ্রমের অনুষঙ্গ হিসেবে দেখা হয়েছে, শিল্পী সেই মাধ্যমকেই প্রতিবাদের ভাষায় রূপান্তর করেছেন। ‘পরিচয় সংকট’ সিরিজের চিত্রকর্মে নারীর মুখাবয়বের অভিব্যক্তিতে অনুভূতিগুলো স্পষ্টভাবে ধরা পড়েছে। যে শব্দগুলো আঘাত করে, সেই শব্দগুলোই তিনি সুই-সুতায় লিখে দিয়েছেন। কোনো কোনো কাজে দর্শকদের জন্য রাখা হয়েছে শব্দযুক্ত সিল। দর্শকেরা সেই সিলের ছাপ দিয়ে শব্দরূপের সঙ্গে একাত্ম হওয়ার সুযোগ পান এই দৃশ্যশিল্প প্রদর্শনীতে।

পুঁইশাকগাছের শাখা-প্রশাখার আদলে তৈরি ‘বিষণ্ন শাখা’ কোমল ভাস্কর্যটি প্রকৃতি ও মানুষের প্রতিদিনের দেনা-পাওনার স্মৃতিকে ধারণ করে। করোনাকালে ঘরের সামনে এমন একটি পুঁইশাকগাছের পাতা দিয়ে প্রতিদিন ছেলের জন্য খিচুড়ি রান্না করার ব্যক্তিগত স্মৃতি শিল্পীর কাছে প্রকৃতির সঙ্গে বেঁচে থাকার এক অন্তরঙ্গ সম্পর্কের সাক্ষ্য হয়ে উঠেছে। সেই সামান্য গাছ, তার পাতা ও প্রতিদিনের আহার ক্রমে বৃহত্তর পরিবেশগত অনিশ্চয়তা এবং মানুষের অস্তিত্বের সঙ্গে প্রকৃতির পারস্পরিক নির্ভরতার প্রতীকে রূপ নিয়েছে।

প্রদর্শনীর আলো-আঁধারি কক্ষ, শব্দ, ভিডিও, দেয়ালে লেখা এবং ঝুলন্ত তন্তুর বিন্যাস দর্শককে কেবল দৃশ্য দেখার অভিজ্ঞতায় সীমাবদ্ধ রাখে না। বরং এমন এক সংবেদী পরিমণ্ডল তৈরি করে, যেখানে দর্শকের নিজের শরীরও যেন শব্দ ও স্মৃতির ভেতরে প্রবেশ করে। মনে হয়, প্রদর্শনীকক্ষটিই একটি পূর্ণাঙ্গ শিল্পকর্ম, যার ভেতরে দর্শক ক্রমে বিলীন হয়ে যান। এভাবেই সুমনা আক্তারের অবিন্যস্ত সংলাপ ব্যক্তিগত ক্ষত, সামাজিক ভাষা ও প্রকৃতির স্মৃতিকে এক অভিন্ন শিল্প-অভিজ্ঞতায় রূপ দেয়। এই অভিজ্ঞতায় ব্যক্তিগত ক্ষত সমাজের মানুষের কাছে প্রশ্ন ছুড়ে দেয়, ভাবায়।

৩১ অক্টোবর শুরু হওয়া প্রদর্শনীটি দর্শকদের জন্য ২১ নভেম্বর পর্যন্ত খোলা থাকবে।

Source: https://www.prothomalo.com/onnoalo/arts/kwb17cgnz0

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৃশ্যশিল্পে শব্দের শরীর

১

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন

২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

৩

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

৪

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৫

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৬

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৭

মিরপুরে বাসে আগুন, আটক ২

৮

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৯

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

১০

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

১১

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১২

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১৩

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১৪

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৫

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৬

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৭

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৮

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৯

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

২০