নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বারবার একটি দাবি জানিয়ে আসছেন, তা হলো শক্তিধর প্রতিবেশীরা যেন তাঁর দেশকে সমান মর্যাদা দেয়। প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম তিনি ভারতের রাজধানী দিল্লি সফর করলেন। এই সফরের মধ্য দিয়ে তাঁর সেই নীতির পরীক্ষা হলো। বছরের পর বছর ধরে সম্পর্কে যে চিড় ধরেছিল, তা এবার দুই পক্ষই নতুন করে শুরু করতে চেয়েছে।দুই দেশের নেতার মধ্যে পার্থক্য ছিল চোখে পড়ার মতো। ৩৬ বছর বয়সী বালেন্দ্রর পরনে ছিল পরিচিত কালো স্যুট, চোখে সানগ্লাস। তিনি দাঁড়িয়েছিলেন সাদা পোশাক পরা ৭৬ বছর বয়সী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে। জেন-জি বা তরুণ প্রজন্মের নেতৃত্বে একের পর এক বিক্ষোভে নেপালে বালেন্দ্র শাহর পূর্বসূরির পতন ঘটে। এরপরই ক্ষমতায় আসেন তিনি।.অন্যদিকে ভারতে মোদি টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি নিজ দেশে তিনিও শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভের মুখে পড়েছেন। তবু দুই নেতা সম্পর্কের উষ্ণতা তুলে ধরতে বদ্ধপরিকর ছিলেন বলে মনে হয়েছে। তাঁরা উপহার বিনিময় করেছেন। একসঙ্গে গার্ড অব অনার পরিদর্শন করেছেন। দুই দেশের মধ্যে চলাচলের জন্য নতুন একটি ট্রেনও যৌথভাবে উদ্বোধন করেছেন তাঁরা।তবে নেপালের জন্য এই সফরের গুরুত্ব কূটনৈতিক সম্পর্ক জোড়া লাগানোর চেয়ে অনেক বেশি ছিল। দুই দেশ বেশ কয়েকটি চুক্তির ঘোষণা দিয়েছে। এসব চুক্তি বাণিজ্য, জলবিদ্যুৎ, পরিবহন ও নেপালি তরুণদের শিক্ষাসংক্রান্ত। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, নেপালের জন্য ভারত ১৬০ কোটি ডলারের একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে।চলতি বছরের শুরুতে হিমালয় অঞ্চলে হিমবাহ ধসের ঘটনার জেরে দেখা দেওয়া ভয়াবহ বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে নেপাল। এ সময়েই এই সহায়তার ঘোষণা এল। বন্যায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ হাজারো মানুষ। যেসব পরিবার ঘরবাড়ি ও স্বজন হারিয়েছে, তাদের সহায়তা দেওয়ার ক্ষেত্রে সমালোচনার মুখে পড়েছে বালেন্দ্র শাহর সরকার।.বন্যার সময় যে ধ্বংসযজ্ঞ হয়েছিল, তা পুনর্গঠনের বিশাল চ্যালেঞ্জ এখন নেপালের সামনে। কাঠমান্ডু সরকারের হিসাবে, পুনর্গঠনে ৪৮০ কোটি ডলার পর্যন্ত খরচ হতে পারে। গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে বালেন্দ্র শাহ বলেন, জলবায়ু–সংক্রান্ত দুর্যোগ যখন দরিদ্র দেশগুলোকে বিপর্যস্ত করছে, তখন ‘সমাধান কেবল আরেকটি বিশাল ঋণ হতে পারে না’।নেপালের জন্য মোদি যে ১৬০ কোটি ডলারের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন, তার বেশির ভাগই মিলবে জ্বালানি প্রকল্পের জন্য ঋণসহায়তা (লাইন অব ক্রেডিট) হিসেবে। পাশাপাশি পুনর্গঠন ও অবকাঠামো খাতে প্রায় ৪০ কোটি ডলার অনুদান দেওয়া হবে। নেপালের সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক বিজয় কান্ত কর্ণ বলেন, অস্বস্তিতে থাকা সম্পর্ক স্থিতিশীল করতে এই সহায়তা ভূমিকা রাখতে পারে।হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ নেপালের অবস্থান ভারত ও চীনের মাঝখানে। এই দুই দেশের তুলনায় নেপালের ভূখণ্ড অনেক ছোট। বিশাল এই দুই প্রতিবেশীর পরস্পরবিরোধী স্বার্থের মধ্যে কাঠমান্ডুকে দীর্ঘদিন ধরে পথ চলতে হচ্ছে। রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ ও অমীমাংসিত সীমান্ত বিরোধ বারবার ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক জটিল করেছে। .নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি একটি কমিউনিস্ট দলের নেতা। তাঁকে ব্যাপকভাবে চীনঘনিষ্ঠ হিসেবে দেখা হতো। অন্যদিকে চলতি বছরের শুরুতে নির্বাচিত হওয়ার সময় বালেন্দ্র শাহ ছিলেন রাজনীতির বাইরের মানুষ। সাবেক এই র্যাপারের বয়স তখন ছিল ৩৫ বছর। তিনি এখন যে দলের নেতৃত্ব দেন, সেটির বয়স ছিল মাত্র চার বছর।ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বালেন্দ্রর নতুন কৌশল থেকেই হয়তো বোঝা যায়, কেন তাঁর ও মোদির বক্তব্যে সীমান্ত বিরোধের প্রসঙ্গ ছিল না বললেই চলে। নেপালের জাতীয় পরিকল্পনা কমিশনের সাবেক ভাইস চেয়ারম্যান গোবিন্দ পোখরেলের মতে, নিজেদের জরুরি উন্নয়ন চাহিদা মেটানোর বিষয়টি নিশ্চিত করতে বালেন্দ্র শাহর সরকার হয়তো বিতর্কিত বিষয়গুলো আপাতত সরিয়ে রেখেছে।গোবিন্দ পোখরেল বলেন, বালেন্দ্র শাহ হয়তো ভারত সফর শেষে দেশে ফিরে তরুণ নেপালিদের বোঝাতে পারবেন যে বিতর্কিত বিষয়গুলোর পরে সমাধান করা হবে। কিন্তু ভবিষ্যতে এসব বিষয়ের সুরাহা না করলে সমালোচনার মুখে পড়তে হবে।দিল্লি সফর থেকে নেপালের আরও কিছু অর্জন আছে। নেপাল স্থলবেষ্টিত দেশ। বাণিজ্যের জন্য দেশটি ভারতের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এবার ভারতের আরও দুটি বন্দর—কান্ডলা ও পারাদ্বীপ ব্যবহারের সুযোগ পেয়েছে নেপাল। সড়ক ও রেল যোগাযোগ উন্নত করতেও দুই পক্ষ সম্মত হয়েছে।দুই নেতা যৌথভাবে একটি ট্রেন চলাচলের উদ্বোধন করেন। ট্রেনটি ভারতের অযোধ্যার সঙ্গে নেপালের জনকপুরকে যুক্ত করবে। হিন্দুরা অযোধ্যাকে রামের জন্মস্থান হিসেবে শ্রদ্ধা করেন। আর জনকপুরকে ঐতিহ্যগতভাবে রামের স্ত্রী সীতার জন্মস্থান মনে করা হয়।.নেপালের সঙ্গে ভারতের সীমান্ত বিরোধ আবার উত্তপ্ত, বালেন্দ্রর বক্তব্যকে কীভাবে নিচ্ছেন নেপালিরা.তবে আকাশপথের বিষয়ে হতাশ হতে হয়েছে নেপালকে। ভৈরহাওয়া ও পোখারা বিমানবন্দরের প্রতি আন্তর্জাতিক যাত্রীদের নজর কাড়তে নেপাল দীর্ঘদিন ধরে ভারতের আকাশসীমা আরও বেশি ব্যবহারের সুযোগ চেয়ে আসছে। কয়েকজন বিশ্লেষকের ধারণা, এ বিষয়ে চুক্তি না হওয়ার কারণ বিমানবন্দর দুটির প্রকল্পে চীনের সম্পৃক্ততা নিয়ে ভারতের উদ্বেগ।ভারতের অভিজ্ঞ কূটনীতিক অনিল ত্রিগুনায়েত বলেন, ‘পোখারা বিমানবন্দর ভারতের জন্য নির্দিষ্ট কিছু নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তাই এটির সমাধান আরও জটিল।’ তবে কাঠমান্ডু, ভৈরহাওয়া ও লক্ষ্ণৌকে যুক্ত করা বিদ্যমান একটি আকাশপথে উভয় দিক থেকে উড়োজাহাজ চলাচলের অনুমতি দিতে রাজি হয়েছে ভারত। গোবিন্দ পোখরেল বলেন, ওই বিমানবন্দরগুলোতে নেপাল বিপুল অর্থ বিনিয়োগ করেছে। তবে প্রত্যাশা পূরণ হয়নি। এরই মধ্যে উভয় দিক থেকে উড়োজাহাজ চলাচলের অনুমতি একটি বড় অগ্রগতি।
Source: https://www.prothomalo.com/world/asia/hr0vd2og3v
মন্তব্য করুন