২৭ নভেম্বর ২০২৬, ৪:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার কারণে ৯ দিন ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এবার সেখানকার বেশির ভাগ গ্রাহকের মোবাইল ব্যাংকিং সেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। গত বুধবার রাত থেকে মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোয় লেনদেন করতে পারছেন না স্থানীয় গ্রাহকেরা। সেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তাঁরা। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনের কারণে এ সেবা বন্ধ করা হয়েছে।আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, বুধবার রাতে সরকারের পক্ষ থেকে গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে দুটি সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রথম আলোকে জানিয়েছেন, সরকারের কাছ থেকে নির্দেশনা পাওয়ার পর এই সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পুলিশ তদন্ত করতে গিয়ে দেখেছে, সাম্প্রতিক সময়ে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে গোপালগঞ্জে অস্বাভাবিক পরিমাণে অর্থ লেনদেন হয়েছে। এ কারণে সাময়িকভাবে শুধু এ জেলায় মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার এ সেবা চালু করা হবে।.গোয়েন্দা সংস্থার বরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে জানান, দেশের বিভিন্ন জেলার মানুষ গ্রেপ্তার এড়াতে গোপালগঞ্জে আশ্রয় নিয়েছেন। তাঁদের মোবাইল হিসাবে টাকা পাঠানোর তথ্য রয়েছে। ভবিষ্যতে কর্মসূচি বাস্তবায়নে গোপালগঞ্জে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে টাকা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে জন্য সাময়িক সময়ের জন্য এ সেবা বন্ধ করা হয়েছে।১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা গোপালগঞ্জে বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এর দুই দিন পর থেকে এ জেলার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলপথ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নাশকতার আশঙ্কা থাকায় সরকার এখনই এই পথে ট্রেন চালুর কথা ভাবছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও শিগগিরই চালু হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, থানা দুটির কার্যক্রম চালুর জন্য স্থানীয় লোকজন অনুরোধ করছেন। তবে এ দুটি থানার কার্যক্রম আবার চালু করতে আরও সময় লাগবে। আপাতত থানা দুটির কার্যক্রম গোপালগঞ্জ সদর থানা থেকে পরিচালিত হচ্ছে।গোপালগঞ্জে আপাতত বিভিন্ন সরকারি বরাদ্দও স্থগিত থাকবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় সারা দেশে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে যে বরাদ্দ দেওয়া হয়, তার মধ্যে গোপালগঞ্জের তৃতীয় কিস্তির অর্থ এখনই ছাড় করা হবে না বলে জানা গেছে। সাধারণত এসব প্রতিষ্ঠানে চার কিস্তিতে অর্থসহায়তা দেওয়া হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গোপালগঞ্জের জন্য জানুয়ারি থেকে মার্চ মেয়াদের কিস্তির অর্থছাড় বন্ধ থাকবে।এদিকে আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা শাখার নামে গতকাল এক বিজ্ঞপ্তিতে সব থানা ও ট্রেন আবার চালু করার দাবি জানানো হয়েছে। উন্নয়ন বরাদ্দ ও নাগরিক অধিকার নিশ্চিত করারও দাবি করা হয়েছে বিজ্ঞপ্তিতে।.গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকার হাফিজ টেলিকমের বিকাশ এজেন্টের দোকানে টাকা তুলতে যান ধীমান বিশ্বাস। তাঁর বড় বোন সাথী বিশ্বাস বিকাশে দুই হাজার টাকা পাঠিয়েছিলেন। সেই টাকা দিয়ে বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। টাকা তুলতে গিয়ে জানতে পারেন, তাঁর বিকাশ অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। পরে এজেন্টের সহায়তা চাইলে তিনিও অ্যাকাউন্ট বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন।গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ তামান্না তাহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছেন। আবেদনপ্রক্রিয়া শেষ করলেও রকেট অ্যাকাউন্ট থেকে ফি পরিশোধ করতে না পেরে বিপাকে পড়েছেন। গতকাল গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকার কয়েকটি দোকানে ঘুরে শেষ পর্যন্ত যান হাফিজ টেলিকমে। সেখানে কথা হয় তামান্নার সঙ্গে। তিনি জানান, শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের শেষ দিন। তাই বৃহস্পতিবার আবেদন ও ফি পরিশোধের কাজ শেষ করতে চেয়েছিলেন। কিন্তু রকেট অ্যাকাউন্ট থেকে টাকা পরিশোধ করতে না পারায় আবেদনপ্রক্রিয়া শেষ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।গোপালগঞ্জে হঠাৎ বিকাশ, নগদ ও রকেটের অনেক ব্যক্তিগত অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন গ্রাহকেরা। বৃহস্পতিবার থেকে এসব মোবাইলে আর্থিক সেবার (এমএফএস) অ্যাকাউন্ট বন্ধ হতে শুরু করে। অ্যাকাউন্ট বন্ধ থাকায় অনেকে টাকা তুলতে, পাঠাতে ও জরুরি লেনদেন করতে পারছেন না। কেন অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে এবং কত দিন এ অবস্থা থাকবে, তা জানার চেষ্টা করছেন গ্রাহকেরা।.গতকাল বিকেলে গোপালগঞ্জ শহরের বিভিন্ন বিকাশ, নগদ ও রকেট এজেন্টের দোকানে গিয়ে গ্রাহকদের ভিড় দেখা যায়। ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন গোপালগঞ্জের বাসিন্দা কাজী আকাশ। গতকাল বিকেলে হঠাৎ তাঁর বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। এর কারণ জানতে বিকাশের হেল্পলাইনে ফোন করলে তাঁকে জানানো হয়, তদন্তের স্বার্থে তাঁর নম্বরটি বন্ধ রাখা হয়েছে। কাজী আকাশ বলেন, ‘আমি কোথাও থেকে অবৈধভাবে টাকা গ্রহণ করিনি, কাউকে সন্দেহজনকভাবে টাকাও পাঠাইনি। তাহলে আমার অ্যাকাউন্ট কেন বন্ধ করা হলো? হেল্পলাইন থেকে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।’পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, গোপালগঞ্জের অনেক সহপাঠীর বিকাশ অ্যাকাউন্টও বন্ধ। একসঙ্গে অনেকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা উদ্বিগ্ন। কেন অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে এবং কবে তা আবার চালু হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাচ্ছেন না তাঁরা। ফলে প্রয়োজনীয় লেনদেন করতে গিয়ে সমস্যায় পড়ছেন।অ্যাকাউন্ট বন্ধ থাকা গ্রাহকদের নিবন্ধিত মুঠোফোন নম্বরে খুদে বার্তা (এসএমএস) পাঠানো হচ্ছে। বার্তায় বলা হচ্ছে, ‘স্যার/ম্যাডাম, এমএফএস বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত।’.গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকার হাফিজ টেলিকমের স্বত্বাধিকারী মোহাম্মদ হাফিজ খান মোল্লা বলেন, গতকাল সকাল থেকে বিকাশ, নগদ ও রকেটের অ্যাকাউন্ট বন্ধের সমস্যা নিয়ে অন্তত ৩০০ থেকে ৪০০ গ্রাহক তাঁর দোকানে এসেছেন। তাঁদের অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান প্রথম আলোকে বলেন, আইন অনুযায়ী সন্দেহজনক যেকোনো লেনদেনকারীর হিসাব মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে পারে। তারই আলোকে সম্প্রতি গোপালগঞ্জ এলাকার কিছু হিসাবে স্বাভাবিকের চেয়ে বেশি সন্দেহজনক লেনদেন হওয়ায় এসব হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে। এটি এমএফএস প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক প্রক্রিয়া।.গোপালগঞ্জে বিদ্যুৎকেন্দ্রে হামলা না করতে স্থানীয় গ্রাহকদের অনুরোধ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)। গতকাল সংস্থাটির ফেসবুক পেজে বলা হয়, দলমত-নির্বিশেষে গোপালগঞ্জের সব শ্রেণির বিদ্যুৎ গ্রাহকদের কাছে অনুরোধ, রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের সঙ্গে নিয়োজিত যানবাহন ও জনবলকে হামলার লক্ষ্যবস্তু করবেন না। বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।এ বিষয়ে গোপালগঞ্জ জেলার ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, ১৯ নভেম্বর শতাধিক ব্যক্তি কার্যালয়ের ভেতর ঢুকেছিল। যদিও ওই দিন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগামী দিনে যাতে বিদ্যুৎকেন্দ্রের কোনো ক্ষতি না করে, সে জন্য আগাম অনুরোধ করা হয়েছে। কেউ যাতে জরুরি সেবায় হামলা না করে। হামলা করলে সবার জন্য বিদ্যুৎসেবা বন্ধ হয়ে যাবে। এতে সবারই ক্ষতি হবে।লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে ১৫ নভেম্বর গোপালগঞ্জে মহড়া দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠন এবং নিষিদ্ধ ছাত্রলীগ। ওই দিন পুলিশের একটি সাঁজোয়া যানে (এপিসি) আগুন এবং পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন দলটির নেতা-কর্মীরা। এরপর বিএনপিদলীয় তিন সংসদ সদস্যের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। তার পর থেকে ওই দুই থানার কার্যক্রম বন্ধ রয়েছে।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর প্রসঙ্গে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করবে না। তবে জনগণের জানমাল রক্ষার প্রয়োজন হলে আইনানুগভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সরকার এ অবস্থান আগেই ঘোষণা করেছে। সরকার গণতান্ত্রিক আচরণ করবে বলে অঙ্গীকারবদ্ধ।.যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকা–খুলনা রুটের জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেস ১৯ নভেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ রেলওয়ে। এর ফলে যাত্রীদের ভোগান্তি বাড়ছে এবং নিয়মিত টিকিট বিক্রির কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর পরিবর্তে খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে এক জোড়া বিকল্প ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে।গত বুধবার রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তার কার্যালয় থেকে রেলওয়ের মহাপরিচালকের কাছে এই প্রস্তাব পাঠানো হয়। প্রস্তাবে বলা হয়, ২৮ নভেম্বর থেকে জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন দুটির বগি ব্যবহার করে খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে নতুন এক জোড়া ট্রেন চালানো যেতে পারে। এ সিদ্ধান্ত কার্যকর হলে ট্রেন দুটি গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর স্টেশনের ওপর দিয়ে যাবে না।.চিঠিতে বলা হয়েছে, খুলনা-ঢাকার মধ্যে চলাচলকারী জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা-বেনাপোলের রূপসী বাংলা এক্সপ্রেস ১৯ নভেম্বর থেকে প্রতিদিন বাতিল করতে হচ্ছে। বারবার যাত্রা বাতিল হওয়ায় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিতে হচ্ছে। এতে জটিলতা বাড়ছে ও আর্থিক ক্ষতি হচ্ছে। যাত্রীরাও ভোগান্তিতে পড়ছেন। খুলনার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ চালু রাখা, ট্রেনের বগিগুলোর সদ্ব্যবহার এবং আর্থিক ক্ষতি কমাতে বিকল্প ট্রেন চালুর প্রস্তাব করা হয়েছে।প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ট্রেনটি সকাল ৮টায় খুলনা থেকে ছেড়ে বেলা ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ফিরতি ট্রেন বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে। ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলবে। সাপ্তাহিক ছুটি থাকবে সোমবার। বিকল্প এই রুটে ট্রেনটির যাত্রাবিরতি থাকবে দৌলতপুর, নোয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে।[তথ্য দিয়ে সহায়তা করেছেন গোপালগঞ্জ প্রতিনিধি]

Source: https://www.prothomalo.com/bangladesh/v49ugzmcfh

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা

১

গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ

২

ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন

৩

পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি

৪

রাজপথে সক্রিয় তিন দল, লক্ষ্য কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ঠেকানো

৫

সংলাপের বিষয়ে সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগ রয়েছে: মিয়া গোলাম পরওয়ার

৬

রিট শুনানি–নিষ্পত্তির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন: সাবেক বিচারপতিকে ব্যাখ্যা দিতে নির্দেশ

৭

কুয়েতের সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলা, ইতালির দুই নাগরিক নিহত

৮

অনন্ত আম্বানিকে ঘিরে ভাইরাল ভিডিও, সত্যি কি ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিশ পাঠিয়েছেন শাহরুখ

৯

ঢাকায় চলছে বৈদ্যুতিক গাড়ি ও মোটরবাইকের প্রদর্শনী

১০

‘ক্লাসরুমে এসে যদি দেখো শিক্ষক নেই, ছবি তুলে পাঠিয়ে দেবে’: শিক্ষামন্ত্রী

১১

থাপ্পড় ও ভাঙচুরের মামলায় জামিন পেলেন শিশুটির বাবা

১২

যুক্তরাজ্যের সঙ্গে ৪৮ ঘণ্টায় ডিজিটাল লেনদেন সম্পন্ন করল প্রাইম ব্যাংক

১৩

দারকিনা বা ডানকিনে মাছ কোথায় হারাল

১৪

ঢাকা উড়ালসড়কের কাজ ৮১% শেষ, শিগগিরই পান্থকুঞ্জ র‍্যাম্প চালুর সম্ভাবনা, কমলাপুর পর্যন্ত জুনে

১৫

আফগানিস্তানে ঘরে ঘরে নারীদের ‘গোপন জগৎ’

১৬

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই কারাবন্দীর মৃত্যু

১৭

মিসরে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে আগুন, প্রাণ গেল ৩১ জনের

১৮

ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই দাবি কতটা সত্য

১৯

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ

২০