শিশুদের বিনোদনকেন্দ্র হওয়ার কথা, চতুর্থ তলায় কথিত জুয়ার সাম্রাজ্য; প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ?
নিজস্ব প্রতিবেদক | সংবাদ বিডি
রাজধানীর পুরান ঢাকায় শিশু-কিশোরদের খেলাধুলা, শরীরচর্চা ও এলাকাবাসীর বিনোদনের জন্য নির্মিত বশিরউদ্দিন সরদার পার্ক। পরিকল্পনা ছিল, পার্কসংলগ্ন সিটি করপোরেশনের পাঁচতলা ভবনে গড়ে উঠবে জিমনেসিয়াম, পাঠাগার ও রেস্টুরেন্ট। কিন্তু সেই পরিকল্পনার বাস্তবায়ন কতটুকু হয়েছে, আর সরকারি এই ভবনটি বর্তমানে কী কাজে ব্যবহৃত হচ্ছে—তা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।
অনুসন্ধানে পাওয়া অভিযোগ আরও উদ্বেগজনক। পার্কসংলগ্ন পাঁচতলা ভবনের চতুর্থ তলায় প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কথিত জুয়ার আসর বসছে। অভিযোগ রয়েছে, একটি সংঘবদ্ধ চক্র নিম্ন আয়ের মানুষ ও তরুণদের প্রলোভনে ফেলে এই আসরে যুক্ত করছে। বিনোদন ও শরীরচর্চার পরিবেশ তৈরির কথা থাকলেও সেখানে জুয়ার টেবিলে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে পড়ছেন অনেকে। সরকারি স্থাপনার ভেতরে এমন কর্মকাণ্ড চলার অভিযোগ স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
পাঁচতলা ভবনের চতুর্থ তলায় রাতের অন্য আয়োজন ?
পুরান ঢাকার চকবাজার থানাধীন ২৯ নম্বর ওয়ার্ডের ওয়াটার ওয়ার্কস রোডে অবস্থিত বশিরউদ্দিন সরদার পার্ক। ২০২০ সালে শিশু-কিশোরদের খেলাধুলা ও এলাকাবাসীর বিনোদনের সুযোগ তৈরির লক্ষ্যে পার্কটিকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, পার্কসংলগ্ন সিটি করপোরেশনের পাঁচতলা ভবনের প্রবেশপথের গেট খোলা থাকে। ভবনটির বিভিন্ন তলা কী কাজে ব্যবহৃত হচ্ছে, তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, একতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত রাজনৈতিক দলের কার্যালয় ও ব্যাচেলর ভাড়ার ব্যবস্থা রয়েছে বলে জানা গেছে। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ভবনটির চতুর্থ তলা।
স্থানীয় সূত্রের অভিযোগ, প্রতিদিন সন্ধ্যার পর সেখানে লোকজনের আনাগোনা বাড়তে থাকে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জমে ওঠে কথিত জুয়ার আসর। রাত গভীর হলে এই আয়োজন আরও সরব হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, অর্থের প্রলোভন দেখিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সেখানে টেনে আনা হয়। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ও তরুণদের একটি অংশ এই চক্রের ফাঁদে পড়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
যে ভবনে হওয়ার কথা ছিল পাঠাগার, জিমনেসিয়াম ও সামাজিক বিনোদনের ব্যবস্থা, সেই ভবনের একটি তলায় জুয়ার আসর পরিচালনার অভিযোগ—নগর ব্যবস্থাপনা ও সরকারি সম্পদের ব্যবহার নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
সপ্তাহে ৫৭ হাজার টাকা, কারা পাচ্ছে এই অর্থ?
অনুসন্ধানে পাওয়া একটি বিশ্বস্ত সূত্রের দাবি, কথিত জুয়ার আসরটি নির্বিঘ্নে পরিচালনার জন্য প্রতি সপ্তাহে ৫৭ হাজার টাকা ব্যয়ে সংশ্লিষ্ট থানা ও পুলিশ ফাঁড়ির সদস্যদের ম্যানেজ করা হয়।
অভিযোগটি অত্যন্ত গুরুতর। কারণ, কোনো সরকারি ভবনে নিয়মিত জুয়ার আসর পরিচালিত হওয়ার অভিযোগ থাকলে তা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশিত। সেখানে উল্টো পুলিশকে ম্যানেজ করার অভিযোগ সামনে আসায় বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি রাখে।
ওসি ও ফাঁড়ির ইনচার্জের বক্তব্যে দায়িত্ব এড়ানোর প্রশ্ন ?
বিষয়টি নিয়ে চকবাজার থানার অফিসার্স ইনচার্জের (ওসি) সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন প্রতিবেদক। কিন্তু অভিযোগের বিষয়ে সরাসরি আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস না দিয়ে তিনি পার্শ্ববর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
পরবর্তীতে ফাঁড়ির ইনচার্জের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি ওইখানে কিছু করতে পারব না, আপনি ওসি স্যারকে বলেন।” তিনি আরও জানান, এ বিষয়ে ওসি তাকে কিছু বলেননি।
একটি সরকারি স্থাপনায় নিয়মিত জুয়ার আসর পরিচালনার অভিযোগের বিষয়ে থানা ও ফাঁড়ির মধ্যে এমন দায়িত্ব হস্তান্তরের বক্তব্য স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি করে। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব শেষ পর্যন্ত কার—সেটিও স্পষ্ট হওয়া প্রয়োজন।
জবাবদিহির মুখে সিটি করপোরেশন
বশিরউদ্দিন সরদার পার্ক ও সংলগ্ন ভবনটি জনসাধারণের কল্যাণে ব্যবহারের কথা থাকলেও ভবনটির বর্তমান ব্যবহার নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। শিশু-কিশোরদের খেলাধুলা, তরুণদের শরীরচর্চা এবং এলাকাবাসীর পাঠাগার ও বিনোদনের সুযোগ নিশ্চিত করার পরিবর্তে সেখানে যদি জুয়ার আসর পরিচালিত হয়ে থাকে, তবে তা শুধু একটি ভবনের অপব্যবহার নয়; বরং জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুতর বিষয়।
এ বিষয়ে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কয়েকটি প্রশ্নের উত্তর প্রয়োজন—ভবনটির প্রতিটি তলা কাদের বরাদ্দ দেওয়া হয়েছে? চতুর্থ তলা কী উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে? ভবনটি নিয়মিত তদারকি করা হয় কি না? জুয়ার আসরের অভিযোগ সম্পর্কে কর্তৃপক্ষ অবগত কি না?
সরকারি সম্পদ জনগণের। সেই সম্পদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অবৈধ কর্মকাণ্ডের ক্ষেত্র হয়ে উঠলে তার দায় এড়ানোর সুযোগ নেই।
বশিরউদ্দিন সরদার পার্কের পাশে দাঁড়িয়ে থাকা পাঁচতলা ভবনটি কি সত্যিই জনকল্যাণের প্রতিষ্ঠান, নাকি রাতের অন্ধকারে জুয়ার আসরের নিরাপদ ঠিকানা—এই প্রশ্নের উত্তর এখন এলাকাবাসীর প্রত্যাশা। কথিত জুয়ার আসর, অর্থ লেনদেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ম্যানেজ করার অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। সরকারি ভবনের প্রতিটি তলার ব্যবহার খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এবিষয়েএবিষয়ে জানতে মুঠোফোনে জানতে, ঢাকা মহানগর দক্ষিণ কর্পোরেশন (ডিএনসিসি) সম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাছিবা খান যোগাযোগ করা হলে তিনি জানান,বিষয়টি আমি অবগত নয় যদি এমন কিছু হয়ে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাই আশ্বাস দেন।
মন্তব্য করুন